দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর সহায়তায় প্রায় আট মাস পর নিখোঁজ বাবাকে ফিরে পেয়েছেন ছেলে। আঙুলের ছাপের মাধ্যমে পরিচয় শনাক্তের পর ওই বৃদ্ধকে পরিবারের কাছে হস্তান্তর করেছে পিবিআই। দীর্ঘদিন পর বাবাকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ছেলে।
শনিবার (১৪ নভেম্বর) পিবিআই শেরপুর জেলা কার্যালয়ে ওই বৃদ্ধকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
ফিরে পাওয়া বৃদ্ধের নাম শাহজাহান আলী (৭০)। তিনি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার গান্ধাইল এলাকার মুনজিল শেখের ছেলে।
পিবিআই সূত্রে জানা যায়, মানসিক ভারসাম্যহীন শাহজাহান আলী প্রায় আট মাস আগে ঢাকার আশুলিয়া থানার বারইপাড়া উলুসিয়া মসজিদসংলগ্ন এলাকায় ছেলে বাবুলের ভাড়া বাসা থেকে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তার ছবি প্রকাশ করে সন্ধান চাওয়া হয়।
গত ২৩ মার্চ রাত সাড়ে ১২টার দিকে শেরপুর সদর উপজেলার দিঘারপাড় এলাকায় অসুস্থ অবস্থায় এক বৃদ্ধকে পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আজকের তারুণ্য’র সভাপতি রবিউল ইসলাম রতন সেখানে যান। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করেন। এরপর সংগঠনটির তত্ত্বাবধানে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়।
সুস্থ হওয়ার পর ওই বৃদ্ধ শেরপুর শহরের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতেন। এদিকে সংগঠনটির সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি প্রকাশসহ বিভিন্নভাবে পরিচয় শনাক্তের চেষ্টা করেন। তবে দীর্ঘদিনেও তার পরিবারের সন্ধান পাওয়া যায়নি।
একপর্যায়ে গত ১৩ নভেম্বর সন্ধ্যায় রবিউল ইসলাম রতন সংগঠনের কয়েকজন সদস্যকে নিয়ে ওই বৃদ্ধকে পিবিআই শেরপুর জেলা কার্যালয়ে নিয়ে যান। সেখানে পিবিআই সদস্যরা আঙুলের ছাপ যাচাই করে তার পরিচয় শনাক্ত করেন।
পরদিন শনিবার ছেলে জাবেদ ওরফে বাবুল এবং নাতিজামাই সুমন মিয়া পিবিআই কার্যালয়ে আসেন। প্রয়োজনীয় তথ্য-প্রমাণ যাচাই শেষে শাহজাহান আলীকে তাঁর ছেলের কাছে হস্তান্তর করা হয়।
দীর্ঘ আট মাস পর বাবাকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে বাবুল বলেন, পিবিআই ও আজকের তারুণ্যের প্রতি তিনি কৃতজ্ঞ। যাঁরা তার বাবাকে সহযোগিতা করেছেন, সৃষ্টিকর্তা যেন তাদের ভালো করেন। তিনি বলেন, আমার বাবা মানেই আমার পৃথিবী।
স্বেচ্ছাসেবী সংগঠন আজকের তারুণ্যের সভাপতি রবিউল ইসলাম রতন বলেন, বৃদ্ধের পরিচয় জানতে তারা বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে চেষ্টা চালিয়েছেন। অবশেষে পিবিআইয়ের সহযোগিতায় তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। এ জন্য সংগঠনের সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।
এ বিষয়ে পিবিআই শেরপুরের পুলিশ সুপার পংকজ দত্ত জানান, আঙুলের ছাপের মাধ্যমে আট মাস ধরে নিখোঁজ শাহজাহান আলীর পরিচয় শনাক্ত করা হয়েছে। তাকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে তারাও আনন্দিত।
যে আই